ঈদের নতুন জামা পরা হলো না মরিয়মের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একমাত্র মেয়ের জন্য কয়েক জোড়া ঈদের নতুন জামাকাপড় কেনেন বাবা-মা। কিন্তু ঈদের সেই নতুন জামা-কাপড় পরার আগেই লাশ হল শিশু মরিয়ম আক্তার।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশের একটি মাটির চুলা থেকে চার বছর বয়সি শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক কিশোর ও তার বাবাকে আটক করেছে পুলিশ।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামে ঘটনাটি ঘটে বলে জানান ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম।
নিহত মরিয়ম আক্তার ওই গ্রামের মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির একমাত্র মেয়ে। ঈদের আগে চাঞ্চল্যকর এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় মরিয়ম। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ইফতারের আগে বাড়ির পাশের একটি মাটির চুলা থেকে মরিয়মের নিথর দেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা ছড়ায়। এমন নৃশংস ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
মরিয়মের মামা হাবিবুর রহমান বলেন, “আমার ভাগ্নির জন্য ঈদের নতুন জামাকাপড় কিনেছিল তার বাবা-মা। আমিও আজ নতুন জামা কিনতে মার্কেটে গিয়েছিলাম। এমন সময় খবর আসে মরিয়মকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মরিয়মের গলায় একটি রূপার চেইন ছিল।
“কেউ সেই চেইন ছিনতাই করে নেওয়ার সময় চিৎকার করে মরিয়ম। ধারণা করা হচ্ছে, সেই সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটি গোপন করতে লাশ চুলায় লুকিয়ে রাখা হয়। নিষ্পাপ শিশু হত্যার বিচার চাই।”
ওসি রবিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির গলায় থাকা রূপার চেইন ছিনতাইয়ের সময় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৬ বছরের এক কিশোর ও তার বাবাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































