কোস্ট গার্ডের তৎপরতায় ঝড়ের কবল থেকে বাঁচল ১০৪ যাত্রী

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে যখন অধিকাংশ মানুষ প্রিয়জনের কাছে ছুটে যান, তখনও দেশের নৌপথে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে আসছে কোস্ট গার্ড। ঈদকে কেন্দ্র করে যখন যাত্রী চলাচল বেড়ে যায়, তখন জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত টহল ও নজরদারি জোরদার করা হয়।
সম্প্রতি চাঁদপুর জেলার হাইমচর এলাকায় বৈরী আবহাওয়ায় ঝড়ের কবলে পড়া একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১০৪ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃতদের দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তর এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে, যা বাহিনীটির মানবিক ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।
ঈদ উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে সদরঘাট, চাঁদপুর লঞ্চঘাট, বরিশাল লঞ্চঘাট, ভোলার ইলিশা, হাতিয়ার নলচিরা, খুলনা-মোংলা এবং চট্টগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নৌঘাট ও খেয়াঘাটে টহল জোরদার করা হয়েছে।
এসব এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি সন্দেহজনক কার্যক্রম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে বলে জানান তিনি।
এছাড়া ঈদের পর কর্মস্থলে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন রাখতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ড প্রস্তুত রয়েছে বলেও জানান মিডিয়া কর্মকর্তা।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































