নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে ধরা পড়ল ২৬ কেজির দুই বিশাল কোরাল মাছ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একটি পুকুর থেকে সোমবার (২৩ মার্চ) দুপুরে প্রায় ২৬ কেজি ওজনের দুটি বিশাল কোরাল মাছ ধরা পড়েছে। ঘটনা ঘটেছে হাফেজ নূর আলমের বাড়ির পুকুরে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরটিতে দীর্ঘদিন ধরে অন্যান্য মাছের সঙ্গে কোরাল মাছ দুটি বেড়ে উঠছিল। নিয়মিত জাল তোলার সময় হঠাৎ এই বড় আকারের মাছ দুটি ধরা পড়লে উপস্থিত সবাই বিস্মিত হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দা শরিফ উদ্দিন শিশির বলেন, “পুকুরে এত বড় কোরাল মাছ পাওয়া সত্যিই বিরল। আমরা নিজেরাও দেখে অবাক হয়েছি।”
পুকুরের মালিক ইমরান হোসাইন রাফিদ জানান, নিয়মিত মাছ চাষের পরেও এত বড় কোরাল মাছ থাকার বিষয়টি আগে বুঝতে পারেননি। তিনি বলেন, “আজ জাল তোলার সময় মাছ দুটি ধরা পড়ে। সামনে ঈদ, বাড়িতে অতিথি আসবে, তাদের সঙ্গে এই মাছ রান্না করে খাবো।”
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উপকূলীয় অঞ্চলে এখন পুকুর ও ঘেরে কোরাল মাছ চাষের প্রবণতা বেড়ে গেছে। তিনি বলেন, “অনেকে কার্পজাতীয় মাছের সঙ্গে কোরাল মাছ চাষ করে ভালো লাভ পাচ্ছেন।”
স্থানীয়দের মতে, এত বড় আকৃতির কোরাল মাছ পুকুরে ধরা পড়া বিরল ঘটনা, যা এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করেছে।
(ঢাকাটাইমস/২৪ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































