মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি উদ্যাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার সকালে রাজধানীর বলাকা প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্তরের কর্মচারীরা।
১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতির দীর্ঘ সংগ্রাম, অকুতোভয় সাহসিকতা ও আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতার সূচনা ঘটে। দিবসটির তাৎপর্য স্মরণে বিমান পরিবার নানা কর্মসূচির আয়োজন করে।
উদ্যাপন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিমানের নিজস্ব পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলাওয়াত এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এছাড়া বিমান-এর বিভিন্ন ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে বিমান পরিবার দেশপ্রেম, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলে জানানো হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































