আধিপত্য বিস্তার
বাগেরহাটে সংঘর্ষে নিহত ১, বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত ১২টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাতে উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম।
নিহত রাজীব (২৮) শেখ চিংগুড়ি গ্রামের ফারুক শেখের ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা একাধিক বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি।
স্থানীয়দের দাবি, হামলাকারীরা অত্যন্ত সংগঠিত ও সক্রিয় থাকায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। পরে খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ ও কালাম শেখ জানান, দীর্ঘদিন ধরে চিংগড়িয়া গ্রামের সাঈদ বিশ্বাস গ্রুপ ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ মনজুরুল আলম গ্রুপের মধ্যে জায়গা জমি এবং আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ২৮ জানুয়ারি চিংগড়িয়া গ্রামের লিচুতলা এলাকায় দুগ্রুপের মধ্যে সংঘর্ষে সাঈদ বিশ্বাস গ্রুপের নিজাম উদ্দিন মারা যান। ওই ঘটনার জেরে আজকের সংঘর্ষে মনজুরুল আলম গ্রুপের রাজিব শেখ নিহত হন।
এ দিকে ঘটনার পর বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় রাজীব নামে একজন নিহত হয়েছেন। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































