কোনাবাড়িতে ‘তেল নেই’ অজুহাতে বন্ধ রাখা ফিলিং স্টেশনে অভিযান, মিলল ৩৪ হাজার লিটার ডিজেল-অকটেন

গাজীপুরের কোনাবাড়িতে 'তেল নেই' অজুহাতে বন্ধ রাখা ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, আজ রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) একটি বিশেষ আভিযানিকদল গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় অবস্থিত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে মজুদ রাখা সর্বমোট ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন জব্দ করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, পাম্পটিতে বিপুল পরিমাণ জ্বালানি মজুদ থাকা সত্ত্বেও “তেল নেই” অজুহাতে সাধারণ গ্রাহকদের কাছে বিক্রয় বন্ধ রাখা হয়েছিল, যা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ম্যানেজার মো. হেলালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ আল ফেরদৌস জানান, বিজিবি সর্বদা দেশের স্বার্থে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে অবৈধ মজুদ ও বাজার অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































