নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে নিহত তরুণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের তেল আনতে গিয়ে মো. অন্তর (২০) নামে এক তরুণ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তর উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার-সংলগ্ন মৃধাবাড়ির একরামুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতির কারণে কোম্পানীগঞ্জ এলাকায় অকটেন ও পেট্রোলের সংকট দেখা দিয়েছে। এ কারণে বিকালে অন্তর মোটরসাইকেলের জন্য তেল আনতে ফেনীর একটি পাম্পের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তেল সংগ্রহ করে ফেরার পথে এনায়েতভূঞা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় অন্তর সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন ও জড়িত যানবাহন দ্রুত শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে ফেনী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখায়েত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































