বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। দেশটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি; বরং আয়োজক দেশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার অপেক্ষায় রয়েছে।
ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকো-তে স্থানান্তরের জন্য ফিফা-র কাছে অনুরোধ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তিনি বলেন, প্রস্তাবটি গ্রহণ করা হলে তবেই ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। টুর্নামেন্টটি ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো মূলত যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দোনিয়ামালি ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরান দলের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা নিরাপদ নাও হতে পারে। এ প্রসঙ্গে দোনিয়ামালি বলেন, ফিফার নিয়ম অনুযায়ী আয়োজক দেশকে সব অংশগ্রহণকারী দলের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে যুক্তরাষ্ট্রে ইরানের ম্যাচ খেলার সম্ভাবনা কম। তবে নিরাপত্তা নিশ্চিত হলে সরকার সিদ্ধান্ত নেবে।
এদিকে অনিশ্চয়তার মধ্যেই ইরান দল তাদের বিশ্বকাপ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। ক্রীড়ামন্ত্রী আরও জানান, সাম্প্রতিক সংঘাতে দেশটির কিছু আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও ক্রীড়া অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































