লে. জেনারেল আসাদুল্লাহ মিনহাজুল আলম জাতিসংঘ শান্তি মিশন UNFICYP-এর ফোর্স কমান্ডার নির্বাচিত

সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউএনএফআইসিওয়াইপি) নতুন ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই মর্যাদাপূর্ণ পদে তাকে নিয়োগ দেন।
৮ এপ্রিল জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসচিবের এই নিয়োগ নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম মঙ্গোলিয়ার মেজর জেনারেল এরদেনেবাত বাতসুরিকে স্থলাভিষিক্ত করবেন। মহাসচিব বিদায়ী ফোর্স কমান্ডারের একাগ্রতা ও সেবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলাদেশ সেনাবাহিনীতে ৩০ বছরেরও বেশি সময় ধরে নেতৃত্ব ও কমান্ড পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলমের। সর্বশেষ তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি ১০ পদাতিক ডিভিশনের জিওসি, কক্সবাজার এরিয়া কমান্ডার (২০২৪-২০২৬) এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট (২০২৪) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি পদাতিক ফর্মেশনে কাউন্টার টেররিজম, অভ্যন্তরীণ নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং গোয়েন্দা-ভিত্তিক অভিযানসহ একাধিক গুরুত্বপূর্ণ কমান্ড ও স্টাফ পদে নেতৃত্ব দিয়েছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তার রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (মিনুস্কা) সেক্টর কমান্ডার (২০২০-২০২১) এবং পূর্ব তিমুরে (আনটায়েট) সামরিক পর্যবেক্ষক (১৯৯৯-২০০০) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অসামান্য পেশাগত দক্ষতার পাশাপাশি লে: জে: মিনহাজুল আলম একজন উচ্চশিক্ষিত সেনা কর্মকর্তা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে পিএইচডি, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে জাতীয় নিরাপত্তা কৌশলে এমএসসি, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর এবং রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। মাতৃভাষা বাংলার পাশাপাশি তিনি ইংরেজিতেও অত্যন্ত সাবলীল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































