জামায়াত আমির

‘তেল আছে শুধু সংসদে, দেশে নেই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৬, ১৯:০১
অ- অ+

দেশের জ্বালানি খাতে সংকট নিয়ে সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই।’ তাঁর দাবি, সংসদে সরকারি দলের মন্ত্রী ও সদস্যদের বক্তব্য শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে, কিন্তু বাস্তবে সাধারণ মানুষ সংকটে আছে।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে বড় বড় সিন্ডিকেটের পেছনে সরকারি দলের সংশ্লিষ্টতা রয়েছে। অতীতের মতো বর্তমানেও এ প্রবণতা বিদ্যমান বলে মন্তব্য করেন তিনি।

জ্বালানিকে সমাজের চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি ছাড়া সমাজের কার্যক্রম অচল হয়ে পড়ে। অথচ বাস্তবে মানুষ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না।

সংসদের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের স্বার্থে আইন প্রণয়ন, কিন্তু বাস্তবে প্রত্যাশিত ফল পাওয়া যাচ্ছে না। তবে সব আশা শেষ হয়ে যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন খাতে ‘গোঁজামিল’ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। ব্যাংকিং খাতেও বাস্তবতা ও হিসাবের মধ্যে অমিল রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ অবস্থায় মেধাভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

কৃষিবিদ ইনস্টিটিউটের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এখানে নেতৃত্ব দখলের চেষ্টার অভিযোগ পাওয়া যাচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানোর ওপর গুরুত্ব দেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
BAC Accreditation Framework: A Contemporary Overview
BUBT QA Expert Trains Faculty of Premier University on World Rankings & Accreditation
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা