চার অভিযানে কোস্ট গার্ডের সাফল্য: ডাকাত আটক, জেলে উদ্ধার, পাচার রোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৬, ২০:০৬
অ- অ+

দেশের উপকূলীয় এলাকায় পরিচালিত চারটি পৃথক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব অভিযানে কুখ্যাত ডাকাত দলের সদস্যদের আটক, জিম্মি জেলে উদ্ধার, পাচার রোধ এবং সমুদ্রে ভাসমান বাংলাদেশি নাগরিকদের প্রাণরক্ষা করা হয়েছে।

শনিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ এপ্রিল রাত ৯টার দিকে কক্সবাজারের কলাতলী বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার। এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোট থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সেটিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে কুখ্যাত পারভেজ বাহিনীর ১০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে জিম্মি থাকা তিন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

অপরদিকে, রাত ১২টা ও ভোর ৩টায় চট্টগ্রাম ও কক্সবাজারে আরও দুটি অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রামের শাহ আমানত ব্রিজ সংলগ্ন এলাকা এবং কক্সবাজারের বাকখালী নদীর মোহনায় পৃথক অভিযানে দুইটি ফিশিং বোট তল্লাশি করে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়।

প্রথম বোট থেকে প্রায় ৬ লাখ ৭১ হাজার টাকা মূল্যের ৫ হাজার লিটার ডিজেল, ইঞ্জিন কুল্যান্ট, গিয়ার অয়েল, সুপার মোটর অয়েল, একটি ডিজেল ইঞ্জিন ও ৪টি গ্যাস সিলিন্ডারসহ ৩ পাচারকারীকে আটক করা হয়। দ্বিতীয় বোট থেকে প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্টসহ আরও ৫ পাচারকারীকে আটক করা হয়। এসব পণ্য মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানায় কোস্ট গার্ড।

এছাড়া, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমটি মেঘনা প্রাইড ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে গভীর সমুদ্রে ভাসমান ৯ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে। পরে তাদের কোস্ট গার্ড জাহাজ মনসুর আলীর কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন।

কোস্ট গার্ড জানায়, আটক ডাকাত ও পাচারকারী, জব্দকৃত মালামাল এবং উদ্ধার হওয়া জেলে ও অন্যান্য বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা