১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরা নিষেধ, ভোলার ৬৫ হাজার জেলের জন্য খাদ্য সহায়তা সরকারের

সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করতে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আজ থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা আগামী ১১ জুন মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।
প্রতিবছরের মতো এবারও জারি করা এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপকূলীয় জেলা ভোলাসহ আশপাশের জেলাগুলোর মৎস্য অধিদপ্তর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে সমুদ্রগামী জেলেরা জাল-ট্রলার নিয়ে তীরে ফিরতে শুরু করেছেন।
নিষেধাজ্ঞার কারণে ভোলার সাতটি উপজেলার প্রায় ৬৫ হাজার নিবন্ধিত জেলের জন্য খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার মোট ৬৩ হাজার ৯৫৪ জন জেলে সরাসরি সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এর মধ্যে সর্বোচ্চ ১৭ হাজার ৫৬১ জন জেলে রয়েছেন চরফ্যাশন উপজেলায়। এছাড়া দৌলতখানে ১১ হাজার ৫৫০ জন, মনপুরায় ১০ হাজার ১৮৫ জন, লালমোহনে ৮ হাজার ৮০৪ জন, বোরহানউদ্দিনে ৭ হাজার ৬৫০ জন, তজুমুদ্দিনে ৪ হাজার ৫০৬ জন এবং ভোলা সদরে ৩ হাজার ৬৯৮ জন জেলে এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন।
ভোলা সদর ইলিশা মৎস্য সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা মিয়া জানান, নিষেধাজ্ঞার প্রথম সপ্তাহেই জেলেদের মাঝে সরকারি খাদ্য সহায়তা বিতরণ শুরু হয়। পাশাপাশি এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি আদায়ও সাময়িকভাবে বন্ধ রাখা হয়, যা জেলেদের জন্য স্বস্তির বিষয়।
এদিকে, জেলেরা নিষেধাজ্ঞা চলাকালে সাগরে প্রশাসনের টহল ও নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, এই সময় ভিনদেশি জেলেরা বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করতে পারে। তাই কঠোর নজরদারি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন ও টাস্কফোর্স কমিটির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মাছ ঘাটগুলোতে সচেতনতামূলক সভা ও প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি প্রত্যেক নিবন্ধিত জেলেকে ৭৭ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে।
সরেজমিনে দেখা গেছে, ভোলার বিভিন্ন মাছ ঘাট ও মেঘনা নদীর সংযোগ খালগুলোতে সমুদ্র থেকে ফেরা ট্রলারের ভিড় বাড়ছে। জেলেরা তাদের জাল ও সরঞ্জাম গুছিয়ে রাখছেন, কেউ কেউ জাল মেরামত ও ট্রলারের ইঞ্জিন সংস্কারের কাজে ব্যস্ত সময় পার করছেন।
মৎস্য সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো খাদ্য সহায়তা নিশ্চিত করা গেলে এই ৫৮ দিন জেলেরা পরিবার নিয়ে কিছুটা স্বস্তিতে থাকতে পারবেন। একইসঙ্গে কার্যকর নজরদারি বজায় থাকলে নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছের প্রাচুর্য বাড়বে বলেও আশাবাদ তাদের।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












