টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের টাঙ্গাইল সদর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, যমুনাগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও দুজন আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/৪ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































