৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে সমালোচনার জবাব এ্যানিপুত্রের

ঈদুল আজহা উপলক্ষে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকায় গরু কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মধ্যে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন তাঁর ছেলে সারিয়ান চৌধুরী।
তিনি দাবি করেছেন, তাদের পরিবার প্রতি বছরই একাধিক গরু কোরবানির জন্য কেনে এবং এসব মাংস গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারিয়ান চৌধুরী বলেন, তাঁর বাবা ও পরিবারের সদস্যরা পারিবারিক কোরবানি এবং ‘হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদ্রাসা’র জন্য প্রতিবছর ৬ থেকে ৮টি গরু কেনেন। এ ধারাবাহিকতায় এবারও ছয়টি গরু কেনা হয়েছে।
সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘আমার বাবা আজ থেকে ৫০ বছর পর মন্ত্রী না থাকলেও যদি আমাদের পরিবার ১০টি গরু কোরবানি দেয়, তখনও কি এমন সমালোচনা হবে?’ তিনি অভিযোগ করেন, মন্ত্রী হওয়ায় তাঁর বাবা ‘বট বাহিনীর মিথ্যাচারের’ শিকার হচ্ছেন।
পোস্টে সারিয়ান আরও বলেন, কোরবানির সব গরুর মাংস গরিব মানুষের মধ্যে বিতরণ করা হবে। তিনি লেখেন, ‘সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।’
সম্প্রতি কোরবানির পশুর হাট থেকে ৩২ লাখ টাকায় একটি গরু কেনেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই সমালোচনার পরিপ্রেক্ষিতেই ছেলের এই বক্তব্য সামনে আসে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































