পুলিশে চাকরির দুই দশক পর প্রশিক্ষণ নিতে গিয়ে প্রাণ গেল এসআইর

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ জুন ২০২৬, ২৩:২৪
অ- অ+

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। জীবন রহমান (৪৫) নামের ওই এসআই ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

সোমবার বিকালে প্রশিক্ষণের অংশ হিসেবে দৌড়ানোর সময় তিনি অসুস্থ হয়ে মারা যান।

পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, সোমবার বিকালে প্রশিক্ষণরত এসআইদের এক কিলোমিটার দৌড়ের কর্মসূচি ছিল। বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে দৌড়ানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে বসে পড়েন জীবন রহমান। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই এসআই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। যেহেতু এ ঘটনায় কারও কোনও অভিযোগ ছিল না, তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির কোনও কর্মকর্তা বক্তব্য দেননি। একাডেমির অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং পুলিশ সুপার (প্রশাসন)-এর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিষয়টি শুনেছি। এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চারঘাট থানায় সম্পন্ন হবে।’

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নেওয়ার কারণ জানতে চাইলে ওসি বলেন, ‘কোনও কারণে ওই সময় তিনি প্রশিক্ষণ নিতে পারেননি। এজন্য এখন নিতে এসেছিলেন।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন
সঞ্জীবন প্রকল্পে বদলাতে পারে আনসার সদস্যদের অর্থনৈতিক বাস্তবতা
রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিকাঘাতে হত্যা
২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা