ঢাকা রেঞ্জের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ঢাকা রেঞ্জের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
সোমবার রাতে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) রেজাউল করিম মল্লিক।
বিশেষ অতিথি ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) রুমানা আক্তার, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী এবং অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমান।
এ ছাড়া ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপার ও তাদের প্রতিনিধিরা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, তাদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রেজাউল করিম মল্লিক উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে অনেক পুলিশ সদস্যকে উৎসবের সময়ও পরিবারের সান্নিধ্য থেকে দূরে থাকতে হয়। এ ধরনের আয়োজন তাঁদের কর্মব্যস্ত জীবনে স্বস্তি ও আনন্দের আবহ সৃষ্টি করে। একই সঙ্গে পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় হয়।
বক্তব্য পর্ব শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আমন্ত্রিত শিল্পী ও অতিথিদের অংশগ্রহণে গান ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। পরিবেশনাগুলো উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজকেরা জানান, উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































