কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগ
হানিফসহ চার আসামির মামলার রায় অপেক্ষমাণ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য (সিএভি) অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১০ জুন) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর বিচারিক প্যানেল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৭ জুন মামলার চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। ওই দিন আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়ে আদালতে আবেদন করেন প্রসিকিউশন। পরে ৮, ৯ ও ১০ জুন আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থানীয় আওয়ামী লীগ নেতা আজগর আলী একটি বক্তব্য দেন। সেই বক্তব্যের ভিত্তিতে প্রসিকিউশন তাদের যুক্তিতর্কে দাবি করে, আন্দোলন দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা ছিল। প্রসিকিউশনের ভাষ্য, ওই নির্দেশনা ও সংশ্লিষ্ট নেতাদের সাংগঠনিক ভূমিকার ধারাবাহিকতায় হত্যাকাণ্ড সংঘটিত হয়।
গত ১১ মে প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। সেদিন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম আদালতে বলেন, আসামিদের বক্তব্য, নির্দেশনা ও সাংগঠনিক ভূমিকার ধারাবাহিকতায় কুষ্টিয়ার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। একই সঙ্গে ঘটনাগুলোকে পরিকল্পিত ও সমন্বিত হামলার অংশ বলেও ট্রাইব্যুনালে তুলে ধরা হয়।
মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৯ জন সাক্ষ্য দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা এ মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তারা সবাই পলাতক।
হানিফ ছাড়া মামলার অন্য তিন আসামি হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































