হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬১৬৯৭ জন হাজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৬, ০৯:৪৪
অ- অ+

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। শুক্রবার (২০ জুন) পর্যন্ত ১৫৬টি ফিরতি ফ্লাইটে ৬১ হাজার ৬৯৭ জন হাজি দেশে ফিরেছেন বলে জানিয়েছে হজ অফিস।

হজ অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ফিরতি ফ্লাইট পরিচালনায় অংশ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫৬টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাওয়া ৫৭ হাজার ৩৭৮ জন হাজি ইতোমধ্যে দেশে ফিরেছেন।

এয়ারলাইন্সভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮টি ফ্লাইটে ২৭ হাজার ৩৬৩ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৫৬টি ফ্লাইটে ২১ হাজার ৬৫২ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন হাজি দেশে ফিরেছেন। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ৪ হাজার ১০ জন হজযাত্রী দেশে পৌঁছেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অবশিষ্ট হাজিরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে দেশে ফিরবেন। চলতি বছরের হজ শেষে ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৫৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর তথ্য জানিয়েছে হজ অফিস। মৃতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। তবে মিনা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা ঘটেনি।

হজ বুলেটিন অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে ১১ জন হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া সৌদি মেডিকেল সেন্টারগুলো ৬৬ হাজার ২৪৯ জন হাজিকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৯৮ জন হাজিকে বিভিন্ন তথ্য ও সেবা দেওয়া হয়েছে।

গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের হজযাত্রা শুরু হয়। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম। চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয় এবং হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে শুরু হয় হাজিদের দেশে ফেরার কার্যক্রম।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বরাদ্দ ছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের সুযোগ পান।

(ঢাকাটাইমস/২০ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর: মালয়েশিয়ায় শ্রমবাজার, চীনে বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতায় জোর
দেশের ৯ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
গুলিবিদ্ধ আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ মারা গেছে
হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা