দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছে সরকার। এ–সংক্রান্ত প্রজ্ঞাপন আজ সোমবার জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ধারা ৭ অনুযায়ী দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এ সার্চ কমিটি গঠন করা হয়েছে।
আইন অনুযায়ী, দুদকের চেয়ারম্যান ও কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে অন্তত দুইজন করে যোগ্য প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে সার্চ কমিটি। পরে রাষ্ট্রপতি ওই সুপারিশকৃত তালিকা থেকে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেবেন।
দুদকের শীর্ষ পদগুলোতে নতুন নিয়োগের প্রক্রিয়ার অংশ হিসেবে এ সার্চ কমিটি গঠন করা হলো। তবে প্রজ্ঞাপনে চেয়ারম্যান ও কমিশনারের কতটি পদ শূন্য রয়েছে বা নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































