আগামী বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন

আগামী বুধবার (১ জুলাই) ব্যাংক হলিডে উপলক্ষে দেশের সব ব্যাংকে গ্রাহক পর্যায়ের লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের দুই শেয়ারবাজারের লেনদেনও।
তবে বাংলাদেশ ব্যাংক, তফশিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব কার্যালয়ে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে। গ্রাহকদের কোনো ধরনের ব্যাংকিং সেবা দেওয়া হবে না।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতি বছর ১ জুলাই অর্ধবার্ষিক সমাপনী উপলক্ষে ব্যাংক হলিডে পালন করা হয়। এ সময় ব্যাংকগুলো জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের হিসাব-নিকাশ চূড়ান্ত করে এবং অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুতের কাজ সম্পন্ন করে।
ফলে এদিন কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। এছাড়া চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডারসহ শাখাভিত্তিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
তবে গ্রাহকরা এটিএম বুথ, ডেবিট ও ক্রেডিট কার্ডভিত্তিক লেনদেন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) সেবা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন। যদিও আন্তঃব্যাংক নিষ্পত্তিনির্ভর কিছু সেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।
বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী, প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়। ব্যাংকগুলো এ দুই দিনে গ্রাহক পর্যায়ের লেনদেন বন্ধ রেখে অভ্যন্তরীণ হিসাব-নিকাশ, আর্থিক প্রতিবেদন প্রস্তুত এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে।
(ঢাকাটাইমস/৩০ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































