লেবাননে ইসরায়েলের বর্বর হামলায় নিহত ৪৩০০

লেবাননে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩০১ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন আরও ১২ হাজার ১৯৯ জন। শুক্রবার (৩ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গত ২ মার্চ থেকে শুরু হওয়া এ সামরিক অভিযানে লেবাননের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে, নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা চলমান রয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই এলাকায় গোলাগুলি ও ড্রোন তৎপরতা দেখা গেছে।
এর আগে শুক্রবার ইসরায়েল জানায়, নিরাপত্তা অঞ্চলে তাদের বাহিনীর ওপর হামলার জবাবে বিনতে জবেইল জেলায় হিজবুল্লাহর প্রায় ১০টি অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়। তবে চুক্তির পরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই সংঘাত পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা আরও জটিল করে তুলছে এবং দ্রুত সমাধান না হলে মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।
(ঢাকাটাইমস/৪ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































