ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (৬ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ১২টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও আবহাওয়ার বিরূপ পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর ঝড়ো আবহাওয়ার সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
(ঢাকাটাইমস/৬ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































