সরকারি ক্রয় কার্যক্রমে নতুন কমিটি, সভাপতি আইনমন্ত্রী আসাদুজ্জামান

সরকারি ক্রয় কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে কমিটি পুনর্গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পুনর্গঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ করবে। পাশাপাশি পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ পর্যালোচনা করে এগুলোকে আরও কার্যকর করার বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে।
এছাড়া কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অর্পিত অন্যান্য দায়িত্বও পালন করবে।
নতুন গঠিত কমিটিতে আরও রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নৌপরিবহন এবং সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ।
সরকারি ক্রয় প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত ও কার্যকর করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/৬ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































