বাংলা একাডেমির সভাপতি
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
রবিবার (৫ জুলাই) বিকালে রাজধানীর মিরপুরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা একাডেমির মহাপরিচালক ও তাঁর ছাত্র অধ্যাপক মোহাম্মদ আজম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে মিরপুর-১ নম্বর এলাকার একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে সেখানেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি বাংলা একাডেমির সভাপতির দায়িত্বও পালন করছিলেন। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও চিন্তাচর্চায় তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’ এবং ‘সংস্কৃতির সহজ কথা’। এছাড়া তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘স্বদেশচিন্তা’।
সাহিত্য ও গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে দেশের সাহিত্য, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































