বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

টানা ঊর্ধ্বগতির পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে কিছুটা পতন দেখা গেছে। বুধবার (১৫ জুলাই) তেলের দাম বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তার কারণে স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়, যার প্রভাব পড়ে মূল্যবান এই ধাতুর দামে। খবর রয়টার্সের।
আগের সেশনে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল। তবে বুধবার সেই ধারা থেকে সরে এসে দাম নিম্নমুখী হয়।
আজ বুধবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ১৪ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ২৮ দশমিক ১৩ মার্কিন ডলারে দাঁড়ায়। একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৩ দশমিক ৯০ ডলারে নেমে আসে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওআন্ডার জ্যেষ্ঠ বিশ্লেষক কেলভিন ওয়ং বলেন, বিনিয়োগকারীরা এখন মূল্যস্ফীতির তথ্যের চেয়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির দিকে বেশি নজর দিচ্ছেন। হরমুজ প্রণালির মাধ্যমে জাহাজ চলাচলে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তেলের দাম বাড়ছে, আর এর চাপ পড়ছে স্বর্ণের বাজারে।
সাধারণভাবে স্বর্ণকে মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হলেও সুদের হার বেশি থাকার সম্ভাবনা তৈরি হলে সুদবিহীন এই ধাতুর আকর্ষণ কমে যায়।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের শীর্ষ কর্মকর্তারা জুনের মূল্যস্ফীতির তথ্যকে ইতিবাচক হিসেবে দেখলেও মূল্যস্ফীতি স্থায়ীভাবে কমছে—এ বিষয়ে নিশ্চিত হতে আরও অনুকূল তথ্যের প্রয়োজন হবে বলে জানিয়েছেন।
বাজারের নজর এখন যুক্তরাষ্ট্রের প্রযোজক মূল্যসূচকের (পিপিআই) তথ্যের দিকে। এই তথ্য ভবিষ্যৎ মূল্যস্ফীতি এবং ফেডারেল রিজার্ভের মুদ্রানীতির সম্ভাব্য দিকনির্দেশনা সম্পর্কে নতুন ইঙ্গিত দিতে পারে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ ডলার ১৮ সেন্টে নেমেছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৬২৮ ডলার ৬ সেন্ট হয়েছে। তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩১১ ডলার ৮৪ সেন্টে উঠেছে।
(ঢাকাটাইমস/১৫ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































