দেশে ফেরার আশা দেখছেন সাকিব, ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন ‘সুযোগ শেষ’

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। একই সঙ্গে দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলা এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
তবে সাকিবের এমন বক্তব্যের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, সাকিবকে নিয়ে সরকারের নমনীয়তার সুযোগ শেষ হয়ে গেছে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, সরকার যদি তাঁকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি আনন্দের সঙ্গে দেশে ফিরবেন। আদালতের বিচারসহ যে আইনি প্রক্রিয়াই থাকুক, তার মুখোমুখি হতে তিনি প্রস্তুত। তাঁর ভাষায়, তিনি কোনো অন্যায় করেননি।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে ফেরেননি সাকিব। সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর তাঁকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়।
সাকিবের দেশে ফেরার ইচ্ছার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘এখন আর কোনো সুযোগ নেই। সাকিব আল হাসান একজন ক্রিকেটার হিসেবে তাঁর অবস্থান থেকে সরে গিয়ে পুরোপুরি রাজনৈতিক অবস্থান নিয়েছেন। আমার মনে হয়, তাঁর আর দেশে ফেরার কোনো সুযোগ নেই। আর যদি ফেরেনও, তাহলে তা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে।’
প্রতিমন্ত্রীর দাবি, সরকার এতদিন বিষয়টি নমনীয়তা ও সহনশীলতার সঙ্গে বিবেচনা করছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর সেই অবস্থান বদলে গেছে।
তিনি আরও বলেন, ‘আমরা এতদিন তাঁকে একজন ক্রিকেটার হিসেবেই দেখছিলাম, তাই কিছুটা নমনীয় ছিলাম। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। যে ব্যক্তি একজন স্বৈরশাসকের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছেন, তাঁর ক্ষেত্রে আগের অবস্থান বজায় রাখার সুযোগ নেই বলে আমি মনে করি।’
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় তাঁর আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর ভাষায় ‘মিথ্যা’ মামলাগুলো প্রত্যাহারের আবেদন জানানো হয়েছিল। তবে সে বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।
এ ছাড়া দেশে ফেরার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলার ইচ্ছার কথাও জানান সাকিব। তবে তাঁর বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে আসা প্রতিক্রিয়ায় স্পষ্ট হয়েছে, দেশে ফেরা এখন তাঁর জন্য রাজনৈতিক ও আইনি—উভয় দিক থেকেই বড় চ্যালেঞ্জ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































