অস্ট্রেলিয়া বধের মন্ত্র জানালেন মিরাজ

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে টাইগাররা। এই জয়ের পেছনে নিজেদের ওপর বিশ্বাস রাখাকেই বড় কারণ হিসেবে দেখছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
প্রস্তুতি ম্যাচে দলের ব্যাটিং ধসের মধ্যেও সেঞ্চুরি করেছিলেন মিরাজ। এরপর ডারউইন টেস্টে ব্যাট হাতে ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি বল হাতে দ্বিতীয় ইনিংসে ফাইফার তুলে নেন তিনি। ম্যাচসেরা পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রাখেন এই অলরাউন্ডার।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, বাংলাদেশ দল দারুণ ক্রিকেট খেলেছে এবং এই পারফরম্যান্সে দলের চরিত্র ফুটে উঠেছে।
তিনি বলেন, ‘আমরা চমৎকার ক্রিকেট খেলেছি। অনেক দিন পর আমরা এখানে এলাম। দলের অসাধারণ পারফরম্যান্স ছিল, যা আমাদের চরিত্র ফুটিয়ে তুলেছে।’
অস্ট্রেলিয়াকে হারানোর বিশ্বাস কীভাবে তৈরি হয়েছিল—জানাতে গিয়ে মিরাজ বলেন, প্রস্তুতি ম্যাচের প্রতিকূল পরিস্থিতিতেও দলের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি তৈরি হয়নি।
তার ভাষায়, ‘আমাদের সেই বিশ্বাসটা ছিল। অস্ট্রেলিয়া বিশ্বমানের দল এবং তাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। আমরা জানতাম, যদি ওদের হারাতে পারি, তবে তা আমাদের দেশের জন্য দারুণ কিছু হবে।’
জয়ের জন্য নিজেদের ওপর বিশ্বাস রাখার বিকল্প ছিল না বলেও জানান মিরাজ। তিনি বলেন, ‘বার্তা একটাই ছিল, আমাদের বিশ্বাস রাখতে হবে, তা না হলে এটা সম্ভব নয়। এই পরিস্থিতিতে কীভাবে পারফর্ম করতে হবে, তা নিয়ে ভাবতে হবে।’
ঐতিহাসিক জয়ে দলের টেলএন্ডার ব্যাটারদের অবদানও আলাদা করে তুলে ধরেন মিরাজ। প্রথম ইনিংসে নিজের ৬৫ রানের ইনিংসের পেছনে নিচের সারির ব্যাটারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা জানান তিনি।
মিরাজ বলেন, ‘আমরা সঠিক সময়ে ভালো ব্যাটিং ও বোলিং করেছি। প্রথম ইনিংসে তানজিদ তামিম যেভাবে ব্যাট করেছে, শান্ত ও মুমিনুল খুব ভালো করেছে। এরপর নিচের সারির ব্যাটারদের সঙ্গে চমৎকার জুটি আমাকে সাহায্য করেছে।’
তিনি আরও বলেন, ‘ওরা আউট হয়ে গেলে আমি রানগুলো করতে পারতাম না। ওরা ক্রিজে টিকে ছিল বলেই আমি সেটা করতে পেরেছি।’
টেলএন্ডারদের কীভাবে আত্মবিশ্বাসী করেছিলেন, সেটিও জানান মিরাজ। তিনি বলেন, ‘আমি ওদের বলেছিলাম, তোমার সামনে কে বল করছে তা নিয়ে ভাববে না।’
মিরাজের এই বিশ্বাসের মন্ত্রই শেষ পর্যন্ত কাজে দিয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতে ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে বাংলাদেশ।
(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































