অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ ফেলে পালালো স্বামী

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আফরোজা বেগম (১৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উঠানে রেখে স্বামীর বাড়ির লোকজন পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ চলবলা ইউনিয়নের নিথক গ্রামের দীন ইসলামের স্ত্রী। তিনি একই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস গ্রামের আলফেস আলীর মেয়ে। গত রবিবার রাজধানীর গাজীপুর কোনাবাড়ির ভাড়া বাসায় ওই গৃহবধূর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, এক বছর আগে আলফেস আলীর মেয়ে আফরোজার সঙ্গে বিয়ে হয় চলবলা নিথক গ্রামের দীন ইসলামের। বিয়ের পর কাজের সুবাদে রাজধানী ঢাকার গাজীপুর কোনাবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন আফরোজা-দীন ইসলাম দম্পতি। বিয়ের পর থেকেই তাদের মাঝে বনিবনা হতো না। প্রায় সময় পারিবারিক কলহ নিয়ে আফরোজার ওপর শারীরিক নির্যাতন চালাতেন স্বামী দীন ইসলাম। এরই মাঝে ৫ মাসের অন্তঃসত্ত্বা হন আফরোজা বেগম।
সর্বশেষ গত শনিবার রাতে আফরোজা তার বাবাকে ফোন করে স্বামীর নির্যাতনের কথা জানান। এরপর স্বামী দীন ইসলাম শ্বশুরকে ফোনে জানান, আফরোজা অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হবে। একপর্যায়ে সোমবার সকালে একটি লাশবাহী গাড়িতে গাজীপুর থেকে ওই গৃহবধূর রক্তাক্ত মরদেহ দীন ইসলামের বাড়ির উঠানে ফেলে দীন ইসলাম ও তার পরিবারের লোকজন পালিয়ে যান।
স্থানীয়রা জানান, সকালে অপরিচিত একটি লাশবাহী গাড়িতে আফরোজার রক্তাক্ত মরদেহ টেনেহিঁচড়ে উঠানে ফেলে গাড়িটি চলে যায়। মরদেহের পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের আত্মীয়রা জানান, গাজীপুরের বাসায় আফরোজাকে তার স্বামী দীন ইসলাম কুপিয়ে ও নির্যাতন করে হত্যা করেছেন। শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে আঘাত করা হয়নি। আমাদের কাছে চিকিৎসার টাকা দাবি করেছিল, আমরা দিইনি; তাই তারা মরদেহ বাড়ির উঠানে ফেলে পালিয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, আমরা মরদেহের সঙ্গে পাঠানো ঢাকা উত্তরার শিন শিন জাপান হাসপাতালের কাগজপত্র যাচাই করছি। সে কাগজে দাবি করা হয়েছে, বিষপানে তার মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন দেখে আমরা তদন্ত করছি। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকা টাইমস/১৭আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































