সাংবাদিক পুলক চ্যাটার্জির বকেয়া পাওনা বুঝে পেল পরিবার

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ সেপ্টেম্বর) তার স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে ওই টাকা জমা দেওয়া হয়।
দৈনিক সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকালের বরিশাল কার্যালয়ের ভেতর থেকে পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে তিনি পাঁচটি চিরকুট লিখে গেছেন বলে জানিয়েছে তার পরিবার।
পরিবার সূত্রে জানা গেছে, চিরকুটগুলোর একটিতে দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর উদ্দেশে সমকাল কার্যালয়ে গচ্ছিত থাকা তার পাওনা টাকা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ করা হয়। এর তিন দিন পর তার স্ত্রীর ব্যাংক হিসাবে ১০ লাখ টাকা জমা দেওয়া হলো।
২০২৩ সালের মে মাসে পুলক চ্যাটার্জিকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তিনি বেকার ছিলেন। চাকরি হারানোর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।
পুলক চ্যাটার্জি একসময় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বরিশালের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মৃত্যুকালে তিনি স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি ও একমাত্র কন্যা প্রকৃতিকে রেখে গেছেন।
পরিবার সূত্রে আরও জানা গেছে, স্ত্রী ও কন্যার উদ্দেশে লেখা চিরকুটে পুলক চ্যাটার্জি তাদের কাছে ক্ষমা চেয়েছেন। এ ছাড়া ছোট ভাই দীপক চ্যাটার্জিকে স্ত্রী ও সন্তানকে আগলে রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে উদ্ধার হওয়া চিরকুটগুলোর সত্যতা যাচাই এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
(ঢাকা টাইমস/১৫সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













