বিমানমন্ত্রী

উড়োজাহাজের সংকট কাটাতে বিমানের বহর বাড়ানোর উদ্যোগ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫১
অ- অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় সন্তোষজনক অডিট রেটিং অর্জনের পর বাংলাদেশের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপ করা হাই রিস্ক কার্গো অ্যান্ড মেইল (এইচআরসিএম) স্ট্যাটাস প্রত্যাহারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আধুনিকায়ন, এয়ারবাস কেনাসহ এভিয়েশন খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে উড়োজাহাজের স্বল্পতা রয়েছে। জরুরি ভিত্তিতে নতুন উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এয়ারবাস কেনাসহ যেকোনো ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের নেগোশিয়েশন কমিটির সুপারিশের ভিত্তিতেই উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হবে।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের ওপর এইচআরসিএম স্ট্যাটাস আরোপ করে। এর ফলে কার্গো হ্যান্ডলিংয়ে সময় ও ব্যয়—দুটিই বেড়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই স্ট্যাটাস প্রত্যাহারে উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানবন্দরে প্রয়োজন অনুযায়ী এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম (ইডিএস) স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, সম্প্রতি সম্পন্ন অডিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সন্তোষজনক রেটিং পেয়েছে। এ অবস্থায় বাংলাদেশের ওপর থেকে এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ইউরোপীয় ইউনিয়নকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, বাংলাদেশের হসপিটালিটি খাতের বিকাশে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগেও যুক্তরাজ্য সহযোগিতা করতে প্রস্তুত।

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে মেনজিস এভিয়েশনের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে কাজ করার আগ্রহ নিয়েও আলোচনা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের মেয়াদ বাড়ল
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের উদ্যোগ, নেতৃত্বে থাকবেন অ্যাডিশনাল আইজিপি
প্রবাসীদের বিদেশি ভাষা শেখাতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার