ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের সহযোগিতায় এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্র্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের এজিএম মুহা. হাফিজুর রহমানসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
মেডিকেল ক্যাম্পে ক্র্যাবের সদস্যদের জন্য বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। এ সময় ১২০ জন সদস্যের র্যান্ডম ব্লাড সুগার (RBS) ও সিরাম ক্রিয়েটিনিন (S. Creatinine) পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হয়।
এছাড়াও ক্যাম্পে চিকিৎসকরা সদস্যদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করেন। পাশাপাশি ব্লাড প্রেসার মাপা, পালস অক্সিমিটারের মাধ্যমে অক্সিজেন স্যাচুরেশন পরীক্ষা এবং অন্যান্য প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার কারণে অনেক সময় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে ওঠে না। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের পক্ষ থেকে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













