পূবাইলে পুলিশের অভিযানে চাপাতি-ছুরিসহ তিনজন গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর পূবাইলে দুটি ধারালো চাপাতি ও একটি দেশীয় ছুরিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পূবাইল থানা-পুলিশ। পুলিশের দাবি, ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁরা ওই এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পূবাইলের খিলগাঁও পশ্চিমপাড়া এলাকার মোশারফ সরকারের ছেলে রাব্বি সরকার (২৭), বসুগাঁও এলাকার সুরুজ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) এবং কামারগাঁও এলাকার মৃত সৈয়দ আহমেদ সরকারের ছেলে লিমন সরকার (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এসআই মো. বদরুল মিল্লাতের নেতৃত্বে পূবাইল থানা-পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পূবাইল কলেজগেট থেকে খিলগাঁওগামী সড়কের মকবুল মার্কেটসংলগ্ন এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।
পরে তাঁদের শরীর তল্লাশি করে রাব্বি সরকারের কাছ থেকে একটি ধারালো দেশীয় ছুরি এবং ফয়সাল মিয়া ও লিমন সরকারের কাছ থেকে দুটি ধারালো চাপাতি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, উদ্ধার করা অস্ত্রগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে পূবাইল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।(ঢাকাটাইমস/৭ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












