চাঁদপুরে বিল থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার একটি বিল থেকে কম্বল মোড়ানো অজ্ঞাতপরিচয় এক নারীর (মধ্যবয়সী) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দী গ্রামের জোড় ব্রিজসংলগ্ন বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চরমুকুন্দী গ্রামের এক কৃষক বিলে নিজের জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো বস্তাসদৃশ একটি বস্তু ভাসতে দেখেন।
বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি অন্য বাসিন্দাদের জানান। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে মতলব দক্ষিণ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘটনাস্থলের চিত্র দেখে স্থানীয় ব্যক্তিদের ধারণা, কয়েক দিন আগে ওই নারীকে অন্যত্র হত্যা করার পর লাশটি গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দী করে বিলে ফেলে দেওয়া হয়েছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে পুলিশ ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় নারীর মরদেহটি উদ্ধার করেছে।
ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
ওসি আরও জানান, নিহতের নাম-পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের ক্লু উদ্ধারে পুলিশ ও পিবিআই কাজ করছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা ও পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
(ঢাকা টাইমস/১৩অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











