১৫ তরুণ পাচ্ছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’, অনুদান পাচ্ছে ৪৩২ সংগঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৬, ১৫:৩৭
অ- অ+

সামাজিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন তরুণকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকার প্রকল্পভিত্তিক অনুদান দেওয়া হবে।

আগামী ১৭ অক্টোবর রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার ও অনুদানের চেক তুলে দেবেন।

বুধবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রতিমন্ত্রী বলেন, জাতি গঠনে তরুণ সমাজ দেশের প্রধান চালিকাশক্তি। তরুণদের উদ্যম, সমাজসেবা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের অধীনে স্থায়ীভাবে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ চালু করা হয়েছে। পাশাপাশি যুবসমাজকে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নিবন্ধিত যুব সংগঠনগুলোকে প্রতিবছর প্রকল্পভিত্তিক অনুদান দেওয়া হয়।

আত্মকর্মসংস্থান, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু এবং কলা ও সংস্কৃতি—এই আটটি বিভাগে বাছাই করা ১৫ জন তরুণ-তরুণী এবার পুরস্কার পাচ্ছেন। প্রতিটি পুরস্কারের সঙ্গে ১ লাখ টাকার নগদ অর্থ বা প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, জেলা ও উপজেলা পর্যায়ে নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠন পাবে ১ লাখ টাকা এবং উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠন পাবে ৭৫ হাজার টাকা। এ ছাড়া বিশেষ বিভাগে নির্বাচিত সেরা ২০টি যুব সংগঠন সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত অনুদান পাবে।

জেলা প্রশাসকদের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ এবং যুবকল্যাণ তহবিল বোর্ডের চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও সংগঠনগুলো নির্বাচন করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, ১৭ অক্টোবরের মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব জেলার জেলা প্রশাসকেরা যুক্ত থাকবেন। কেন্দ্রীয় অনুষ্ঠানে চেক হস্তান্তরের পাশাপাশি স্থানীয় পর্যায়ে বাকি ৪২৯টি সংগঠনকে চেক দেওয়া হবে। প্রধানমন্ত্রী চেক হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পরপরই অনুদানের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সংশ্লিষ্ট সংগঠনগুলোর ব্যাংক হিসাবে পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবাসন খাতে সংকট, ঝুঁকিতে ৫০ লাখ মানুষের কর্মসংস্থান
চাকরির বাইরে ঘরে বসে আয়ের সুযোগ তৈরিতে জোর দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
চাঁদপুরে ৩৫ পূজামণ্ডপে পৌরসভার অনুদানের চেক বিতরণ
জামালপুরে বাজিতে জীবন্ত পাখি ছিঁড়ে চিবিয়ে খাওয়ার অভিযোগে অটোচালক আটক