রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বিদিশা, নানা গুঞ্জন

জাতীয় পার্টির রাজনীতিতে আবারও সক্রিয় হতে যাচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দীক। এমন গুঞ্জন শুরু হয়েছে জাপার তৃণমূল থেকে কেন্দ্রীয় ফোরামে। দলটির নেতারা বলছেন, দলের আসার জন্য এরইমধ্যে শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করছেন বিদিশা। আর এমন সম্ভাবনা বিদিশা নিজেও উড়িয়ে দেননি। বেসরকারি একটি টিভি চ্যানেলকে একান্ত সাক্ষাতকারে তিনি জাতীয় পার্টির রাজনীতি নতুন যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
বিদিশা সিদ্দিক ছিলেন ফ্যাশন ডিজাইনার। জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের সঙ্গে সাক্ষাত, সখ্যতা এবং প্রণয়। ২০০০ সালে তারা আবদ্ধ হন বিবাহবন্ধনে। সেই সুবাদে নিয়োগ পান জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে। পর্যায়ক্রমে হন মহিলা পার্টির সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বয়সের ভারে ন্যুব্জ। পার্টির নেতৃত্ব এবং সম্পত্তি ভাগাভাগি নিয়ে যখন চলছে শেষ মুহূর্তের হিসাব-নিকাশ। তখন নতুন গুঞ্জন, পার্টিতে আবারও আসছেন বিদিশা। এ কানাঘুষা বিদিশা নিজে অস্বীকার করেননি।
তিনি জানান, পার্টির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। এরশাদের হাত ধরে রাজনীতিতে এসেছেন। রাজনীতি করলে এরশাদের দলেই যুক্ত হবেন।
তবে জাতীয় পার্টিতে বিদিশার প্রবেশ পথ কতটা মসৃণ, তার সঠিক জবাব নেই দলের শীর্ষ নেতাদের কাছে। এক্ষেত্রে তৃণমূলের সিদ্ধান্তকে প্রাধান্য দেয়ার কথা জানালেন তারা।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেন, সবাই মিলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে বিদিশার জাতীয় পার্টিতে যুক্ত হওয়ার গুঞ্জনে দলের মধ্যে নতুন করে আবারও কোন্দল তৈরি হতে পারে বলে মনে করেন জাপা নেতাকর্মীরা।
ঢাকাটাইমস/১৫জুন/ডিএম
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













