একুশে পদক নিয়ে রিকশায় ফিরল ওয়ারফেজ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হলো ‘একুশে পদক ২০২৬’। এবার সংগীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছে ব্যান্ড দল ওয়ারফেজ। পদক গ্রহণ শেষে রিকশায় করে ফেরেন দলটির সদস্যরা—সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিতে ধরা পড়ে তাদের উচ্ছ্বাসমাখা মুহূর্ত।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান পদক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
পদক গ্রহণের পর রিকশায় ফেরার সময় তোলা কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল। ক্যাপশনে লেখেন, ‘আমরা একুশে পদক গ্রহণ করে রিকশায় ফিরে এলাম।’ ছবিতে দেখা যায়, রিকশাচালকের সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পোজ দিচ্ছেন ব্যান্ডের সদস্যরা।
১৯৮৪ সালে যাত্রা শুরু করা ওয়ারফেজ বাংলাদেশের হেভিমেটাল ধারার পথিকৃৎ দলগুলোর একটি। বর্তমানে ব্যান্ডটির দলে রয়েছেন টিপু (ড্রামস), পলাশ (ভোকাল), কমল (লিড গিটার), সামির ও সৌমেন।
এবারের একুশে পদকপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, সংগীতে (মরণোত্তর) আইয়ুব বাচ্চু, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সাংবাদিকতায় শফিক রেহমানসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কবি-সাহিত্যিক, শিল্পী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































