সৈয়দপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

সৈয়দপুরের খড়খড়িয়া নদী থেকে জান্নাতে কেয়া (১০) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খড়খড়িয়া নদীর চান্দিয়া ব্রিজের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নদীর পাড়ের জুম্মা পাড়ার কোরবান আলীর মেয়ে জান্নাতে কেয়া। সে স্থানীয় ব্র্যাক পরিচালিত একটি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী। আজ সকাল পৌনে ১১টার দিকে পাড়ার সহপাঠীদের সাথে নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা নদীতে নেমে জান্নাতে কেয়াকে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হলে সৈয়দপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। দমকল বাহিনীর সদস্যরা এক ঘণ্টা চেষ্টা করে কেয়ার মরদেহ উদ্ধার করে।
জান্নাতে কেয়ার সাথে ডুবে যাওয়া তার সহপাঠী ফুলজান (১১) কে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান খোকন স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকাটাইমস/০৫আগস্ট/ইএস
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































