ঢাবির নাটমণ্ডলে তিন দিনব্যাপী ‘তাবুলা রাসা’ নাট্য প্রযোজনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের উদ্যোগে মঞ্চস্থ হচ্ছে নিরীক্ষাধর্মী নাট্য প্রযোজনা “তাবুলা রাসা (Tabula Rasa)”।
ল্যাটিন শব্দ “তাবুলা রাসা”-র অর্থ পরিষ্কার স্লেট বা শূন্য পটভূমি। এই ধারণাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা নতুন সৃজনচর্চার এক অভিনব প্রয়াসে অংশ নিয়েছেন। প্রযোজনাটির মূল ভাবনায় বলা হয়েছে—মানুষ জন্মের সময় একেবারে শূন্য অবস্থায় পৃথিবীতে আসে; পরে সমাজ, পরিবেশ ও অভিজ্ঞতা তার জীবনে নানা রেখা টেনে দেয়। সেই দর্শনের আলোকে নাট্যরূপটি নির্মাণ করা হয়েছে।
এই প্রযোজনায় নরওয়ের খ্যাতিমান নাট্যকার হেনরিক ইবসেনের তিনটি বিখ্যাত নাটক—'অ্যা ডল’স হাউজ, পিয়ার গিন্ট ও ওয়াইল্ড ডাক' থেকে নির্বাচিত দৃশ্য একত্র করে একটি অখণ্ড ভাবকল্প তৈরি করা হয়েছে। নৃত্য, সংগীত, স্থান-স্থাপনা, শরীরী স্থাপত্য ও অভিনয়ের সমন্বয়ে প্রযোজনাটি নির্মিত হয়েছে।
প্রযোজনার ভাবনা প্রসঙ্গে বিভাগের অধ্যাপক ড. আহমেদুল কবির বলেন, নতুন চিন্তা ও সৃজনশীলতার বিকাশে পৃথিবীর বিভিন্ন ভাষা ও সংস্কৃতি থেকে শেখা জরুরি। এক সংস্কৃতির সঙ্গে অন্য সংস্কৃতির সংলাপের মধ্য দিয়েই শিল্প ও জ্ঞান সমৃদ্ধ হয়।
তিনি আরও জানান, এমএ প্রথম সেমিস্টার সমাপনী শিক্ষার্থীদের এই প্রযোজনাটি এক ধরনের সৃজনশীল পরীক্ষামূলক প্রয়াস। এখান থেকেই ভবিষ্যতে ছবি, শব্দ, সংলাপ ও জীবনের নানা রূপক নিয়ে নতুন সৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আগামী ১০, ১১ ও ১২ মার্চ ২০২৬ প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটমণ্ডলে নাটকটি মঞ্চস্থ হবে। নাট্যপ্রেমীদের জন্য এটি নতুন ধরনের মঞ্চভাষা ও ভাবনার অভিজ্ঞতা হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এমআই)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













