সৈয়দপুরে সাংবাদিককে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা!

নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিক মো. জাকির হোসেনকে প্রাইভেটকার চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি দৈনিক ঢাকা টাইমসের সৈয়দপুর প্রতিনিধি।
রবিবার বিকাল সাড়ে চারটার দিকে সৈয়দপুর শহরের বাস টার্মিনাল সংলগ্ন চামড়া গুদাম এলাকায় সৈয়দপুর-রংপুর সড়কে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক জাকির ও অপর এক যাত্রী সৈয়দপুর-রংপুর সড়ক দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে সৈয়দপুর সোনাখুলি কামিল মাদ্রাসার ইংরেজির প্রভাষক আশিকুর রহমান তার (ঢাকা-মেট্রো-গ-৩৭৩৩৬৫) অ্যাশ কালারের গাড়ি নিয়ে আকস্মিকভাবে সাংবাদিক জাকির হোসেনের মোটর সাইকেলে পেছন থেকে সজোরে ধাক্কা দেন। এতে জাকিরসহ সহযাত্রী সাংবাদিক শাহজাহান রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে।
গাড়ির মালিক প্রভাষক আশিকুর রহমান এই দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে জনতা। তবে গাড়ি থেকে বের হয়েই প্রভাষক আশিকুর রহমান নিজেকে সাংবাদিক ঝন্টুর ছোটভাই বলে পরিচয় দিয়ে তাকে আটকানোর কারণে উল্টো দুই সাংবাদিক ও স্থানীয় লোকজনকে হুমকি-ধামকি দিতে থাকেন। তিনি দুর্ঘটনার জন্য অনুতপ্ত না হয়ে বরং দেখে নেয়ার হুমকি দিতে থাকেন। এতে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে উঠলে তিনি কৌশলে গাড়ি নিয়ে পালিয়ে যান।
স্থানীয়রা জানান, আশিকুর রহমানকে এ সময় নেশাগ্রস্ত বলে মনে হচ্ছিল। যা তার আচরণে প্রকাশ পেয়েছে। আশিকুর রহমানের স্ত্রী সৈয়দপুর কারিগরি মহাবিদ্যালয়ের প্রভাষক বলে জানা গেছে। তারা কলেজ ক্যাম্পাসেই থাকেন।
বিষয়টি সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খানকে মুঠোফোনে জানান সাংবাদিক জাকির। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ওসি।
(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/ইএস/জেবি)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









