করোনাভাইরাস
চীনে গুগলের অফিস বন্ধ ঘোষণা

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীন, হং কং এবং তাইওয়ানের কার্যালয় বন্ধ করে দিয়েছে । কর্মীদের সুরক্ষায় ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে অ্যামাজন, অ্যাপল এবং মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলোও।
চলতি সপ্তাহেই চীনে অফিস বন্ধ করেছে বেশ কিছু প্রতিষ্ঠান। কর্মীদেরকে দেশটিতে ভ্রমণ না করারও পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেক কর্মীকে নিজ বাসস্থান থেকে কাজ করতে ছুটি বাড়িয়ে নিতে বলা হয়েছে।
গুগল জানিয়েছে, চীন এবং হং কংয়ে কর্মীদেরকে ভ্রমণ না করতে বলা হয়েছে। ইতিমধ্যেই যেসব কর্মী দেশটিতে রয়েছেন তাদেরকেও যত দ্রুত সম্ভব দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্তত দু’ সপ্তাহ বাড়ি থেকে কাজ করবেন তারা।
চীনের মূল ভূখণ্ডে চারটি কার্যালয় রয়েছে গুগলের। এই কার্যালয়গুলোতে কতো সংখ্যক কর্মী রয়েছে তা জানানো হয়নি। চীনে গুগলের সার্চ ইঞ্জিন সার্ভিস না থাকলেও এই অফিসগুলো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ব্যবসার বিক্রি এবং কৌশল নিয়ে কাজ করে। (ঢাকাটাইমস/২ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































