জাপানে সরস্বতী পূজা উদযাপন

নানা আয়োজনের মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশ হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা জাপানে উদযাপিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও সার্বজনীন পূজা কমিটি জাপান এই মহোৎসবের ২৫তম আয়োজন করে রবিবার।
সকাল থেকেই শিশু-কিশোর, তরুণ-তরুণীরা তাদের অভিভাবকদের সঙ্গে টোকিওর আকাবানে কিতা কুমিন সেন্টার পূজামণ্ডপে জড়ো হতে থাকে। বিভিন্ন রং-বেরঙের পোশাক পরে সব বয়সের নর-নারীরা সরস্বতী দেবীর বন্দনায় হাজির হন পূজামণ্ডপে। অস্থায়ী এই পূজামণ্ডপ ছিল উৎসবমুখর।
তিথি অনুযায়ী বৃহস্পতি ও শুক্রবার দুই দিনব্যাপী এ পূজা পালিত হবার কথা থাকলেও জাপানে শুধু একদিনেই সব আচার সম্পন্ন করে তা পালিত হয়।
কৃপা লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতীর পাদপদ্মে ফুল দিয়েছে শিক্ষার্থীসহ নানা পেশা ও বয়সের মানুষ। অঞ্জলি, উলু, কাসর, দেবীবন্দনা ও পুরোহিতের ঘণ্টার ধ্বনিতে মুখরিত ছিল পূজামণ্ডপ।
তনুশ্রী গোলদার বিশ্বাসের পরিচালনায় পূজা বিষয়ক আলোচনা সভায় বক্তব্য দেন সার্বজনীন পূজা কমিটি জাপানের সভাপতি সুনীল রায়, সাধারণ সম্পাদক রতন কুমার বর্মন, উপদেষ্টা সুখেন ব্রহ্ম এবং প্রধান অতিথি দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) ড. জিয়াউল আবেদিন। ধন্যবাদ বক্তব্য দেন পূজা কমিটির উপদেষ্টা কিশোর কুমার বিশ্বাস।
(ঢাকাটাইমস/২ফেব্রুয়ারি/কেএম/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































