অমিতাভের বিজ্ঞাপনে চঞ্চল-নোভা

‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন জনপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও নোভা ফিরোজ। ‘আয়নাবাজি’তে চঞ্চলের অভিনয় চমকপ্রদ ছিল। আবারও তিনি অমিতাভ রেজার সঙ্গে কাজ করলেন একেবারে ভিন্ন নান্দনিকতায়।
জানা গেছে, এই বিজ্ঞাপনে চঞ্চল চৌধুরী ঢাকা শহরের একজন বাড়িওয়ালা হিসাবে হাজির হয়েছেন। সেখানে নোভা এবং তার স্বামী আশফাক নিপুন রয়েছেন ভাড়াটিয়ার ভূমিকায়।

নোভা বলেন, ‘বহুদিন পর প্রিয় শিল্পী চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করলাম। কত বছর হবে তা মনে রাখা খুব কঠিন। আর অমিতাভ ভাইয়ের সঙ্গে শেষ কাজ করেছি ২০০৯ সালে। তার সঙ্গেও দীর্ঘদিন পর কাজ করলাম। কাজটা মজা করেই করেছি। এটি একটি খাদ্য পণ্যের বিজ্ঞাপন। এছাড়া নতুন আরও একটি বিজ্ঞাপনে কাজ করেছি। সেটিও প্রচারের অপেক্ষায় আছে।’
স্বাস্থ্যবিধি মেনেই অমিতাভ রেজার নতুন এ বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। তবে শুটিং ইউনিট এখনই বিজ্ঞাপনের পণ্য বা বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে নারাজ। তারা এটাকে চমক হিসেবে রাখতে চান। শিগগিরই বিজ্ঞাপনটি দেশের সব টিভি চ্যানেল এবং অনলাইনে প্রচার শুরু হবে।
ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এএইচ
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































