আশুলিয়ায় স্বর্ণ লুট করা ডাকাতদল নরসিংদীতে গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:০৭
অ- অ+

নরসিংদীতে স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্ততিকালে আন্তঃজেলা ডাকাতদলের নয়জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, নগদ টাকা, প্রাইভেটকার ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর।

এর আগে শুক্রবার দিবাগত রাত পুরাতন লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থানাধীন নয়ারহাট বাজারে ও ৩১ আগস্ট দিবাগত রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদী বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- শরিয়তপুর জেলার জাজিরা থানা এলাকার কুন্ডেরচর এলাকার মোহাম্মদ দেওয়ানের ছেলে মো. আনোয়ার হোসেন দেওয়ান (৪০), দাইমুদ্দিন খলিফার কান্দি এলাকার মৃত সিরাজ খলিফার ছেলে মো. দেলোয়ার হোসেন খলিফা (৩৬), মাদারীপুর সদর থানার বলাইচর এলাকার মোতালেব খাঁর ছেলে কামাল খাঁ (৩৯), একই গ্রামের মৃত আ. মান্নান হাওলাদারের ছেলে মো. খবির হাওলাদার (৪০), কালকিনী থানার নতুনচর দৌলতখান এলাকার মো. নূরুল ইসলাম হাওলাদারের ছেলে খালেক হাওলাদার (৩৭), বরিশাল জেলার বানারীপাড়া থানার ব্রাহ্মণকাঠী এলাকার মৃত হারুন গাজীর ছেলে মো. আল মিরাজ ওরফে মিন্টু (৩৮), টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বন্দকাউলজানি এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রহিম মিয়া (৩১), নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মো. কবির হোসেন (৩৮) ও ঝাউকান্দি (নিরাতকান্দা) এলাকার সামসু মিয়ার ছেলে আ. রহিম মিয়া (৩৯)।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসারের নেতৃত্বে নরসিংদী জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল।

নরসিংদী পৌর এলাকার পায়রা চত্বরে অবস্থানকালে গোয়েন্দা পুলিশ জানতে পারে পূর্ব দত্তপাড়া এলাকার পুরাতন লঞ্চঘাট মেঘনা নদীর ঘাটের সিঁড়ি সংলগ্ন বেড়ি বাঁধের উপর একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ২৪/২৫ জনের ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ফাঁকা গুলি বর্ষণ করে। এ সময় জেলা গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা চারটি রাবার বুলেট ছোঁড়ে। এ সময় ডাকাতদল সি-বোটে করে পালিয়ে যায়। পালানোর সময় নয়জন ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটকদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, কাটার, দেশীয় অস্ত্র, একটি প্রাইভেটকার ও নগদ দুই লাখ ৪৫ হাজার টাকা জব্দ করা হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। পলাতক ডাকাতসহ গ্রেপ্তাররা অস্ত্রসহ জড়ো হয়ে নরসিংদী থানা এলাকায় স্বর্ণের দোকানে ডাকাতি করার জন্য শলাপরামর্শ করছিল। এই ডাকাতদল গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থানাধীন নয়ারহাট বাজারে ও ৩১ আগস্ট দিবাগত রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদী বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
প্রধানমন্ত্রীর চীন সফর: ভূরাজনীতির নতুন সমীকরণ
সবুজবাগে বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা