এজেন্সির নিষেধাজ্ঞা থাকায় এতদিন কিছু জানাননি সাদিয়া

গত জুন মাসে ভারতীয় প্রসাধনী ব্র্যান্ড ‘বোরো প্লাস’-এর নতুন প্রসাধনী ‘বোরো প্লাস নিম ফেসওয়াশ’-এর শুভেচ্ছাদূত হন বাংলাদেশের তরুণ মডেল সাদিয়া আয়মান। তিন বছর এই পদে থাকবেন তিনি। এরই মধ্যে প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন সাদিয়া। অথচ চার মাস আগের এই খবর প্রকাশ্যে এসেছে সম্প্রতি।
তাহলে এতদিন কেন গোপন ছিল? এ প্রসঙ্গে সাদিয়া গণমাধ্যমকে জানান, ‘এজেন্সি থেকে নিষেধাজ্ঞা থাকায় এতদিন বিষয়টি জানানো হয়নি। এরই মধ্যে প্রসাধনীটির একটি বিজ্ঞাপনে কাজ করেছি। সেটির প্রচারও ইতোমধ্যে শুরু হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী।’
উচ্ছ্বাস প্রকাশ করে সাদিয়া আরও বলেন, ‘আমি অনেক অনেক বেশি এক্সসাইটেড যে এরকম একটা ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে পেরেছি। তারা বাংলাদেশ থেকে আমাকে সিলেক্ট করেছেন এবং তিন বছরের জন্য চুক্তিবদ্ধ করেছেন। বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি।’
সামনে আরও কয়েকটি বিজ্ঞাপনের মডেল হিসেবে তাকে দেখা যাবে বলে জানান সাদিয়া। এছাড়া তিনি ওটিটি প্লাটফর্মের বেশ কিছু নাটক ও সিরিয়ালেও কাজ করছেন। তবে সিনেমার জন্য এখনই প্রস্তুত নয় বলে জানান এই মডেল। এরই মধ্যে বেশ কিছু প্রস্তাব নাকি তিনি ফিরিয়ে দিয়েছেন।
এ ব্যাপারে সাদিয়ার বক্তব্য, ‘বেশ কয়েকটা সিনেমার প্রস্তাব পেয়েছি কিন্তু আমি এখন প্রস্তুত নই। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখন বিজ্ঞাপন ও নাটকে কাজ করছি। আপাতত এগুলোতেই মনযোগ দিতে চাই।’
২০১৯ সালে মুঠোফোন কোম্পানি রবির বিজ্ঞাপন দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন সাদিয়া। এরপর নেসক্যাফে, অপ্পো, লিভন, বিকাশ, প্যারাসুটসহ ৫০টির মতো বিজ্ঞাপনে মডেল হয়েছেন। অভিষেকের বছরেই তিনি অভিনয় করেন ‘টু বি ওয়াইফ’ নামে একটি নাটকে। ইমরাউল রাফাত পরিচালিত ওই নাটকে তার বিপরীতে ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব।
এরই মধ্যে ‘কবি প্লাস কুসুম’ শিরোনামের একটি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া। সম্প্রতি আবার গ্রামীণফোনের মিউজিক ভিডিওর মডেল হয়েও বেশ প্রশংসিত হয়েছেন প্রতিভাবান এই মডেল। এই প্রতিভা দিয়েই তিনি যেতে চান বহুদূর।
ঢাকাটাইমস/০৭অক্টোবর/এএইচ
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































