‘আ.লীগ নেতাকর্মীদের কালো টাকা বাজেয়াপ্ত করা হবে’

দীর্ঘদিন দল ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগ নেতাকর্মীরা যে বিপুল পরিমাণ কালো টাকার পাহাড় তৈরি করেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সব টাকা উদ্ধার করে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। তিনি মঙ্গলবার বিকাল ৫টায় মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশে একথা বলেন।
খন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের কোটি কোটি টাকা সুইচ ব্যাংকে জমা পড়ে আছে। এসব অবৈধ টাকা প্রয়োজনে আইন পরিবর্তন করে দেশে ফিরিয়ে আনা হবে। কোনোভাবেই সেই টাকা বিদেশে রাখা হবে না। যারা অবৈধভাবে পাহাড়ের মতো সম্পত্তি গড়ে তুলেছেন, তাদের টাকাও বাজেয়াপ্ত করা হবে। কাউকে ছাড় দেবে না বিএনপি।’
বুধবার বিএনপির গণঅবস্থান কর্মসূচি নিয়ে মাশুক বলেন, ‘বিগত বিভাগীয় গণসমাবেশে লাখ লাখ নেতাকর্মী যেভাবে হামলা-মামলার ভয় উপেক্ষা করে সফল করেছে, তেমনি এবারের গণঅবস্থান কর্মসূচিও সফল করবে। আওয়ামী লীগ ফিরিয়ে রাখতে পারবে না। তাই তৃণমূলের সবাই ফরিদপুর বিভাগীয় সমাবেশে যোগ দেবেন।’
বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র মেরামতের রূপরেখা সংক্রান্ত সুধী সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্য-নির্বাহী সদস্য কাজী হুমায়ন কবির। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদারের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক এ্যাড. জামিনুর রহমান মিঠু সভা পরিচালনা করেন। এ সময় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১০জানুয়ারি/কেএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































