বন্ধুত্ব চাইলে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কথিত ‘পুশ ইন’ তৎপরতার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সীমান্তের পশ্চিমাংশের বিভিন্ন এলাকায় বিএসএফ শিশু ও নারীসহ কয়েক শত মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে মানবিক সংকট সৃষ্টি করেছে। এদের একটি অংশকে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য করা হয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার অভাবে তাদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে এবং কয়েকজনের জীবনও ঝুঁকির মুখে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।
সাইফুল হক বলেন, বিএসএফ ও ভারত সরকারের এই পদক্ষেপে সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সীমান্তবর্তী জনগণের মধ্যে গভীর নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ড ভারতের বাংলাদেশবিরোধী ও আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, উভয় দেশের বৈধ নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও আইনগত প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ না করে জোরপূর্বক ‘পুশ ইন’ করা আন্তর্জাতিক আইনেরও গুরুতর লঙ্ঘন।
বিবৃতিতে সাইফুল হক অভিযোগ করেন, দিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ বৈঠকের পরও সীমান্তে ‘পুশ ইন’ কার্যক্রম ও বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা বন্ধ হয়নি। একদিকে বন্ধুত্বের কথা বলা হলেও অন্যদিকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড অব্যাহত রাখা ভারতের দ্বিচারী অবস্থানের পরিচায়ক বলে তিনি মন্তব্য করেন।
তিনি অবিলম্বে কূটনৈতিক পর্যায়ে কার্যকর আলোচনা শুরু করে পরিস্থিতির অবসান এবং সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যাকাণ্ড বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































