কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র তুললেন সাবেক মেয়র সাক্কু

কুমিল্লা প্রতিনিধি
  প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৬
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক (সাক্কু)।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে মনিরুল হক সাক্কুর পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এ সময় তাঁর কয়েকজন অনুসারী সঙ্গে ছিলেন।

কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা, সিটি করপোরেশন এবং সেনানিবাস এলাকা নিয়ে গঠিত কুমিল্লা-৬ আসনটি ‘সদর আসনহিসেবে পরিচিত। গত ৩ নভেম্বর এই আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়। এর পর থেকে মনিরুল হক চৌধুরীর প্রচারে সরাসরি অংশ নিচ্ছেন মনিরুল হক সাক্কু ও তাঁর সমর্থকেরা। এমন পরিস্থিতির মধ্যেই মনিরুল হক সাক্কুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মনিরুল হক সাক্কুর পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা বলেন, মনিরুল হক সাক্কু সব সময় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করেছেন। এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে জনগণের প্রত্যাশার কারণে। তিনি চূড়ান্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, সেটিও জনগণের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।

প্রসঙ্গত, দলীয় সিদ্ধান্ত না মেনে ২০২২ সালের ১৫ জুনের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় মনিরুল হক সাক্কুকে ওই বছরের ১৯ মে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তবে দল থেকে বহিষ্কৃত হলেও মনিরুল ইসলাম সাক্কুকে বিভিন্ন সময়ে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যেতে দেখা গেছে। তিনি কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান এবং দুবার সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছেন।

মনোনয়নপত্র কেনা প্রসঙ্গে মনিরুল হক সাক্কু বলেন, ‘আমি আড়াই বছর ধরে কুমিল্লা সদর আসনে নির্বাচনের জন্য মাঠে রয়েছি। আমার মাঠ গোছানো আছে। প্রার্থী ঘোষণার কয়েক দিন আগে দলের মহাসচিব আমাকে ডেকে নিয়ে কথা বলেছেন। তখন আমি বলেছি, হয় আমাকে মনোনয়ন দেন, না হলে মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেন। দল আমার কথা রেখে মনিরুল হক চৌধুরীকে দিয়েছে, আমি তাঁর পক্ষে কাজ করছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী আজকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছি। তবে চূড়ান্তভাবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নির্ভর করছে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা এবং জনগণের প্রত্যাশার ওপর। প্রকৃতপক্ষে আমি বর্তমানে মনিরুল হক চৌধুরীর ধানের শীষ প্রতীকের জন্য কাজ করছি। বাকিটা পরে দেখা যাবে।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছেন তাঁরা। আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার: প্রত্যাশা বনাম প্রাপ্তি
কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূইয়ার
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
আর্জেন্টিনা-ব্রাজিলকে ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা