নারায়ণগঞ্জ-যাত্রাবাড়ীতে র্যাবের অভিযান: ককটেল, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ ও ঢাকার পৃথক দুটি স্থানে নাশকতা ও মাদকবিরোধী অভিযানে ৫টি ককটেল, ৫টি দেশীয় অস্ত্র ও ১৫০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাতে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন এসব তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, র্যাব-১০-এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ফ্ল্যাট থেকে ৩টি ককটেল সদৃশ্য বস্তু, ২টি স্টিলের তৈরি দেশীয় অস্ত্র ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অপর এক অভিযানে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিবিরবাগিচা এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র্যাব-১০। এ সময় সেখান থেকে ২টি ককটেল সদৃশ্য বস্তু, ৩টি স্টিলের তৈরি দেশীয় অস্ত্র, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৬৮ হাজার ৮৬০ টাকা এবং ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ অভিযানে মো. জানে আলম হোসেন ওরফে আশিক এবং বনি ইসলাম বর্ষণ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রিয়াজুল ইসলাম রিয়াজের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট ৫টি মামলা রয়েছে। মো. জানে আলম হোসেনের বিরুদ্ধে দস্যুতা ও ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে। এছাড়া বনি ইসলাম বর্ষণের বিরুদ্ধে মাদক আইনে ১টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
উদ্ধারকৃত ককটেল সদৃশ্য বস্তুগুলো বিস্ফোরক হওয়ায় র্যাবের প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সেগুলো নিরাপদভাবে ধ্বংস করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































