রাজধানীতে পাঁচ চীনা নাগরিকসহ ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজার সিম-ভিওআইপি গেটওয়ে উদ্ধার

রাজধানীর বসুন্ধরা ও উত্তরা পশ্চিম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপারেটরের ৫১ হাজার ২৫১টি সিম, ৫১টি মোবাইল ফোন এবং ২১টি ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে পাঁচজন চীনা নাগরিকসহ টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের মোট আট সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চেন লিং ফেং, জেং কং, জেং চাংকিয়াং, ওয়েন জিয়ান কিউ, হুয়াং ঝেং জিয়াং, মো. জাকারিয়া (২৬), নিয়াজ মাসুম (২০) এবং কামরুল হাসান ওরফে হাসান জয় (৩৮)।
মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম অনলাইনে চাকরি সংক্রান্ত প্রতারণা, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন সাইবার অপরাধের অভিযোগ তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান পায়। পরবর্তীতে গত বৃহস্পতিবার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ মাসুম ও কামরুল হাসান ওরফে হাসান জয়কে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে অনলাইন প্রতারণায় ব্যবহৃত ১৪টি ভিওআইপি গেটওয়ে ডিভাইস, বিভিন্ন অপারেটরের ৫১ হাজার ৬৭টি সিম, চারটি মোবাইল ফোন, দুটি সিপিইউ ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় তদন্তে রাজধানীর আরও কয়েকটি এলাকায় একই ধরনের প্রতারক চক্রের তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় সোমবার উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে পাঁচ বিদেশি নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি অবৈধ ভিওআইপি গেটওয়ে ডিভাইস, ৪৭টি মোবাইল ফোন, ১৮৪টি সিম ও পাঁচটি ল্যাপটপ জব্দ করা হয়।
ডিবি সাইবার সূত্রে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতরা কখনো চাকরি দেওয়ার নামে, কখনো উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখিয়ে আবার কখনো নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে দেওয়ার আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো।
ইতোমধ্যে গ্রেপ্তারকৃত নিয়াজ মাসুম ও কামরুল হাসান জয়কে আদালতে পাঠানো হয়েছে। অপর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এলএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































