কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে পরিচালিত ওই অভিযানে একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বোটটি থেকে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক দুই পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক পাচার রোধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































